উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী বলেছেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সরকারের নতজানু পররাষ্ট্রনীতি দেশকে পিছিয়ে দিয়েছিল। নতুন রাষ্ট্র গঠনের পর ভারসাম্যপূর্ণ সম্পর্কের বদলে ভুল পথে চলায় বাংলাদেশ কাঙ্ক্ষিত সুযোগগুলো হারিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
জহরত আদিব বলেন, মুক্তিযুদ্ধের পর যারা বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছিল, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির সুযোগ আমরা নষ্ট করেছি। সঠিক পররাষ্ট্রনীতি না থাকায় বিদেশি সাহায্য বন্ধ হয়ে গিয়েছিল এবং এর প্রভাবে দুর্ভিক্ষসহ নানা সমস্যা দেশকে ঘিরে ধরেছিল। শেখ মুজিব সরকারের বাকশাল কায়েমের সিদ্ধান্ত বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছিল।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশংসা করে তিনি বলেন, জিয়াউর রহমান জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন। তিনি শ্রমশক্তি রপ্তানির দুয়ার খুলে দিয়েছিলেন। জহরত আদিব চৌধুরীর মতে, যেখানে দেশের স্বার্থ আছে, সেখানেই সম্পর্ক জোরদারের চেষ্টা করেছিলেন জিয়াউর রহমান।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, শেখ মুজিবুর রহমানের শাসনামলে নাগরিকদের মনে হয়েছিল দেশ পাকিস্তানের বেড়াজাল থেকে বেরিয়ে ভারতের প্রভাবে চলে গেছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে তখনকার তরুণ ও প্রবীণ নাগরিকরা মনে করতেন তারা এক গোলামি থেকে অন্য গোলামিতে প্রবেশ করেছেন।