উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সিউলে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কোরিয়ার বাণিজ্যমন্ত্রী জুং-সুং পার্কের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
প্রস্তাবিত এই যৌথ ওয়ার্কিং গ্রুপে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়িক চেম্বারের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন। এই গ্রুপটি মূলত অগ্রাধিকারভিত্তিক সংস্কার, বিনিয়োগের নতুন সুযোগ অনুসন্ধান, ব্যবসা সহজীকরণ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রগুলো চিহ্নিত করবে।
কোরিয়া সফরকালে বাংলাদেশের প্রতিনিধিদল হুন্দাই গ্লোভিস, হানওয়া ওশান ও স্যামসাং ইলেকট্রনিক্সের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে লজিস্টিকস, বন্দর উন্নয়ন, জাহাজ নির্মাণ ও মেরামত এবং ইলেকট্রনিক্স খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রচলিত তৈরি পোশাকের বাইরে কোরিয়ার সঙ্গে আরও বিস্তৃত ও প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ রয়েছে। তিনি ইলেকট্রনিক্স শিল্পের কাঁচামালের ওপর শুল্ক ২৬ শতাংশ থেকে কমিয়ে শূন্যে নামিয়ে আনা এবং মূলধন প্রত্যাবাসন প্রক্রিয়ার ডিজিটালাইজেশনের তথ্য তুলে ধরেন।
কোরিয়ার বাণিজ্যমন্ত্রী জুং-সুং পার্ক বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। হুন্দাই গ্লোভিস লজিস্টিকস হাব ও বন্দর উন্নয়নে এবং হানওয়া ওশান জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া স্যামসাং ইলেকট্রনিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা ও দক্ষ জনশক্তি উন্নয়নে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এবং ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।