উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল পেমেন্ট সহজলভ্য করতে বাংলা কিউআর সেবার পরিধি বাড়ানো হচ্ছে। গত জুনে দৈনিক ৪০ কোটি টাকার লেনদেন থেকে বর্তমানে তা চার গুণে উন্নীত হয়েছে বলে এক অনুষ্ঠানে জানানো হয়েছে।
বুধবার রাজধানীর বনানী ও গুলশান এলাকার খুচরা বিক্রয় কেন্দ্রে এই সেবা সম্প্রসারণের নতুন উদ্যোগের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, নগদবিহীন লেনদেন উৎসাহিত করতে দেশব্যাপী এই সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ডেপুটি গভর্নর জানান, সেবার মান উন্নয়নে গত ১ নভেম্বর থেকে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেন সুবিধা চালু করা হয়েছে। তবে তৃণমূল পর্যায়ে এই সেবা পৌঁছাতে মোবাইল ডিভাইস ও নেটওয়ার্ক সুবিধার সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, নগদবিহীন লেনদেন বাড়লে নোট ছাপানোর ব্যয় কমবে এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাংক ও এমএফএসগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।