উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাসপাতালজুড়ে দালাল নির্মূলে প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকার পরও থামছে না দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য। সরকারি চিকিৎসাসেবা নিতে এসে ভোগান্তি, দীর্ঘ অপেক্ষা আর বাড়তি টাকা গুনতে হচ্ছে সাধারণ রোগী ও তাদের স্বজনেরা। হাসপাতালের ভেতরে একটি অসাধু চক্রের যোগসাজশে নিয়মতান্ত্রিক সেবার বাইরে অর্থের বিনিময়ে পরীক্ষা করানোর সুযোগ করে দেওয়া হচ্ছে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করাতে রোগীর স্বজনেরা সকাল ৮টা থেকেই নির্ধারিত কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন। দীর্ঘ অপেক্ষার পরও অনেকেই পরীক্ষার টোকেন পাচ্ছেন না এবং কাউন্টার কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় সীমিতসংখ্যক টোকেন শেষ হয়ে যাওয়ায় কাউন্টার বন্ধ। তবে কাউন্টার বন্ধের প্রায় এক ঘণ্টা পরই দেখা যায় ভিন্ন চিত্র এবং কয়েকজন মেডিকেল স্টাফ বাইরে দাঁড়িয়ে অতিরিক্ত অর্থের বিনিময়ে পরীক্ষার সুযোগ করে দিচ্ছেন।
চট্টগ্রাম থেকে বাবার চিকিৎসা করাতে আসা এক রোগীর স্বজন জানান, গত দুই দিন ধরে ঘুরেও সিরিয়াল না পাওয়ায় বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে পরীক্ষা করাচ্ছেন। আনসার ইনচার্জ পিসি সোহাগ জানান, দালাল চক্রের বিষয়ে তাঁদের অবস্থান জিরো টলারেন্স এবং তাঁরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। সচেতন মহলের দাবি, রোগীদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।