উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে সহজে নিজেদের পণ্য পৌঁছাতে আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবার সঙ্গে চুক্তি করেছে দেশীয় প্রতিষ্ঠান রিমার্ক। এ লক্ষ্যে আলিবাবার বাংলাদেশী এজেন্ট স্কাইটেক গ্লোবাল লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রিমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর শুভ কুমার সাহা ও স্কাইটেক গ্লোবালের প্রধান পরিচালন কর্মকর্তা রিদওয়ান আহমেদ।
এই চুক্তির ফলে বিশ্বজুড়ে ক্রেতারা আলিবাবার মাধ্যমে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য, প্যাকেজিং সামগ্রী ও উৎপাদনসংশ্লিষ্ট সেবা সংগ্রহ করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে লিলি, নিওর, সিওডিল, স্কিনমিন্ট, অরিক্স, সানবিট, একনল ও লিটল ওয়ানসহ বিভিন্ন ব্র্যান্ডের এক হাজারের বেশি পণ্য তালিকাভুক্ত করা হচ্ছে।
রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আরিফুল ইসলাম জানিয়েছেন, আলিবাবাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে রিমার্কের উপস্থিতি আরও সুসংহত করা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বর্তমানে রিমার্কের পণ্য থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।