উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিরাপত্তা ও ভ্রমণসংক্রান্ত জটিলতার আশঙ্কায় ২০২৭ সালের এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। নতুন প্রস্তাবিত সূচি অনুযায়ী, প্রতিযোগিতাটি আগামী ২০২৭ সালের ২৩ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত। এর আগে আগের সূচি অনুসারে ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এই নতুন তারিখ চূড়ান্ত করার জন্য এখন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদনের প্রয়োজন রয়েছে।
হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সৌদি আরবে এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে মারাত্মক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক স্থানে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে যা নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। প্রথমবারের মতো এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব পাওয়া সৌদি আরবের আটটি স্টেডিয়ামের মধ্যে পাঁচটিই রিয়াদে অবস্থিত। ফাইনালসহ মোট ৫১টি ম্যাচের ৩০টি এই রাজধানীতেই আয়োজনের কথা নির্ধারিত ছিল।
মঙ্গলবার বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি জানিয়েছে যে অঞ্চলের ব্যতিক্রমী পরিস্থিতির কারণে লজিস্টিক ব্যবস্থাপনা ও যাতায়াত কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক এবং সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনা করেই টুর্নামেন্টের সূচি পরিবর্তনের এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সংঘাত বাড়লেও এএফসি সভাপতি শেখ সালমান টুর্নামেন্ট আয়োজন নিয়ে আশাবাদী ছিলেন এবং নির্ধারিত সময়েই খেলা হবে বলে জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বর্তমান পরিস্থিতি ও সবার নিরাপত্তার কথা চিন্তা করে আগের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হলো এএফসি।