উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিদেশী বিনিয়োগ উৎসাহিত করা এবং লভ্যাংশ ও বিনিয়োগের অর্থ নিজ দেশে ফেরত নেয়ার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে উৎপাদন ও সেবা খাতের কোম্পানিগুলোকে অনাবাসী বিনিয়োগকারীদের অনুকূলে প্রেফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার ইস্যু করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে অগ্রাধিকার শেয়ার ইস্যু, সাধারণ শেয়ারে রূপান্তর ও খালাস এবং বিদেশী বিনিয়োগকারীদের লভ্যাংশ দেশে ফেরত পাঠানোর বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে।
আজ জারি করা ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের সার্কুলার নম্বর-০৪ অনুযায়ী, কোম্পানিগুলো কোম্পানি আইন, ১৯৯৪, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সংশ্লিষ্ট বিধিবিধান এবং নিজেদের সঙ্ঘস্মারক ও সঙ্ঘবিধি মেনে অনিবাসী বিনিয়োগকারীদের কাছে প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ধরনের শেয়ার ইস্যুর বিপরীতে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের অর্থ বাংলাদেশে আনতে হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, যদি প্রেফারেন্স শেয়ারের লভ্যাংশের হার শেয়ারের অভিহিত মূল্যের পাঁচ শতাংশের বেশি না হয়, তবে কোম্পানিগুলোকে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে না। তবে লভ্যাংশের হার পাঁচ শতাংশের বেশি হলে, যার মধ্যে অংশগ্রহণমূলক বা পরিবর্তনযোগ্য লভ্যাংশের হারও অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি প্রয়োজন হবে। এসব ক্ষেত্রে কোম্পানিগুলোকে তাদের মনোনীত অথরাইজড ডিলার ব্যাংকের মাধ্যমে যথাযথ যৌক্তিকতা উল্লেখ করে আবেদন জমা দিতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, অগ্রাধিকার শেয়ার ইস্যুর ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট এডি ব্যাংককে প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে প্রতিবেদন পাঠাতে হবে। এসব কাগজপত্রের মধ্যে কোম্পানির সঙ্ঘস্মারক ও সঙ্ঘবিধি, যথাযথভাবে সত্যায়িত ফরম-১৫, অর্থ ভাঙানোর সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে সিডিউল-এক্স অন্তর্ভুক্ত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক আরো জানিয়েছে যে, প্রেফারেন্স শেয়ার অবশ্যই অভিহিত মূল্যে ইস্যু করতে হবে।