উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতীয় শ্রমিক শক্তি। একই সঙ্গে এই আন্দোলনে কোনো ধরনের সহিংসতা বা বলপ্রয়োগ না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। আগামী তিন দিনের মধ্যে নতুন বেতনকাঠামো কার্যকর করার দাবিও জানানো হয়।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান জাতীয় শ্রমিক শক্তির নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, সরকারের বিভিন্ন সময়ের অপরিপক্ব সিদ্ধান্তের কারণেই আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে।
জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির সংবাদ সম্মেলনে ব্যর্থ শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করতে হবে। সংগঠনটির সদস্যসচিব রিয়াজ মোর্শেদ শ্রমিকদের আন্দোলনে হামলা না করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন স্থানে বিএনপির নেতা–কর্মী ও পুলিশের যৌথ মদদে শ্রমিকদের ওপর হামলা চালানো হচ্ছে। এ ধরনের দমন–পীড়ন অব্যাহত থাকলে সাধারণ শ্রমিকদের এই আন্দোলন আরও বৃহত্তর ও ভিন্ন রূপ নিতে পারে বলে তাঁরা সতর্ক করেন। বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের ন্যায্য মজুরি মেনে নেওয়ার জোর দাবি জানানো হয়।