উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্রুত একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সম্পাদনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ৩ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অ্যান্টিগুয়া ও বার্বুডার সেন্ট জোনসে ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের (সিএইচওজিএম) ফাঁকে এই দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির ও সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাসিমি নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সেখানে অবস্থানরত প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়। এছাড়া বাংলাদেশের বন্দর অবকাঠামোতে ইউএইর বিনিয়োগ ও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সমর্থনের বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করেন।
রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো মোকাবিলাসহ এই সমস্যা নিরসনে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার সময় উভয় পক্ষ প্রস্তাবিত সিইপিএ চুক্তিটি দ্রুত কার্যকর করার বিষয়ে তাগিদ দেন।