উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ নয়, বরং সামাজিক সচেতনতা ও পারিবারিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে মাদক প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক প্রতিরোধ সামাজিক উদ্যোগ, পিরোজপুর পরিচালনা কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান নাসিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির পিরোজপুরের প্রধান সমন্বয়কারী শাহ আলম শেখ। বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন মানুষের জীবনকেই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।