উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভেনেজুয়েলার নতুন পররাষ্ট্রমন্ত্রী অলিভার ব্লাঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গত সোমবার অনুষ্ঠিত এ বৈঠকের মধ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করলেন অলিভার ব্লাঙ্কো। গত সপ্তাহে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তাকে এ পদে নিয়োগ দেন। জানুয়ারিতে মার্কিন বাহিনী নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ওয়াশিংটনের তত্ত্বাবধানে দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন রদ্রিগেজ।
বৈঠকে মার্কো রুবিও ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোর শাসনামলে কারাবন্দি আরও রাজনৈতিক নেতাকর্মী ও বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে তিনি এ আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বৈঠকসংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিন ধাপের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ পরিকল্পনার প্রথম ধাপ দেশটির স্থিতিশীলতা প্রতিষ্ঠা, দ্বিতীয় ধাপ অর্থনৈতিক পুনরুদ্ধার এবং তৃতীয় ধাপ রাজনৈতিক সমঝোতা ও গণতান্ত্রিক উত্তরণ।
বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সামনে একসঙ্গে ছবি তোলেন এবং এ সময় তারা কোনো বক্তব্য দেননি। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে ভেনেজুয়েলার নেতৃত্বে চলমান রাজনৈতিক সমঝোতার আলোচনায় অগ্রগতি নিয়ে দুই নেতা কথা বলেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টিও আলোচনায় উঠে আসে। ডেলসি রদ্রিগেজ ক্ষমতা গ্রহণের পর থেকেই রাজনৈতিক বন্দিদের মুক্তির জন্য ভেনেজুয়েলার ওপর চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
এদিকে, অলিভার ব্লাঙ্কো যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গেও বৈঠক করেছেন এবং মার্কিন পক্ষের প্রকাশিত বিবৃতি অনুযায়ী সেখানে ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক বন্দিদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ফোরো পেনালের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ভেনেজুয়েলায় ৩৪৪ জন রাজনৈতিক বন্দি ছিলেন। কয়েক দফা আলোচনার পর ভেনেজুয়েলার সরকার ও বিরোধী রাজনৈতিক নেতারা জানিয়েছেন, দেশটিতে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে কবে নাগাদ তা হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি।