উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে সহপাঠী ছাত্রীদের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিকৃত করা এবং ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ করায় উল্টো বিদ্যালয় কর্তৃপক্ষের শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়েছে ১০ জন শিক্ষার্থী। আজ মঙ্গলবার এর প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষদের ডিনের ছেলে হওয়ায় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। বিচার চেয়ে শিক্ষার্থীরা জড়ো হলে তাদের শ্রেণিকক্ষে তালাবদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ ওঠে। পরে তালা ভেঙে বেরিয়ে এসে তারা হয়রানিমুক্ত স্কুল ও ছাত্রীদের নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং পাঁচ দফা দাবি পেশ করে।
ভুক্তভোগী ছাত্রীদের অভিযোগ, অভিযুক্ত ছাত্র দীর্ঘদিন ধরে কুরুচিপূর্ণ আচরণ, আপত্তিকর ছবি তৈরি ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নানাভাবে হুমকি দিয়ে আসছে। এর আগে দুবার অভিযোগ দিতে গেলেও তা গ্রহণ করা হয়নি। প্রতিবাদ করায় উল্টো ১০ শিক্ষার্থীকে পরীক্ষা ও ক্লাস থেকে বঞ্চিত করা হয় এবং টিসি দেওয়ার হুমকি দেওয়া হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও শিক্ষার্থীরা এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। অধ্যক্ষ মুহাম্মদ আরিফুর রহমান জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন আসার পর কোনো অবিচার হতে দেওয়া হবে না এবং বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা করা হবে। অন্যদিকে, অভিযুক্ত ছাত্রের বাবা সব অভিযোগ অস্বীকার করে উল্টো তাঁর ছেলেকে মারধরের দাবি করেছেন।