উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নারীদের অংশগ্রহণ নেই বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাকে অসত্য ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার টিআইবির প্রকাশিত ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া জানান তিনি।
সোমবার এক বিবৃতিতে গোলাম পরওয়ার দাবি করেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন এবং কেন্দ্রীয় মজলিসে শুরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন। এছাড়া দলটির মোট রুকন বা সদস্যদের মধ্যে প্রায় ৪৩ শতাংশই নারী বলে তিনি উল্লেখ করেন।
জামায়াত নেতা বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী সব স্তরে গণতান্ত্রিক চর্চা ও নারীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। টিআইবির মতো একটি দায়িত্বশীল সংস্থার এমন তথ্যহীন প্রতিবেদন প্রকাশকে তিনি অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বহীনতা বলে মন্তব্য করেছেন।
ভবিষ্যতে জামায়াত নিয়ে যেকোনো প্রতিবেদন তৈরির ক্ষেত্রে টিআইবিকে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। উল্লেখ্য, টিআইবির ওই প্রতিবেদনে দেশের ১০টি রাজনৈতিক দলের নেতৃত্ব পরিবারকেন্দ্রিক ও সিদ্ধান্ত ব্যক্তিনির্ভর বলেও অভিযোগ করা হয়েছে।