উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি আয়োজিত GSC গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৪)-এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। হাইভোল্টেজ এই ম্যাচে BCSP সদরপুর স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে পরাজিত করে দাপুটে জয় তুলে নিয়েছে গোপালগঞ্জের ভাজনদী শিকদার ফুটবল একাডেমি।
শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণডাঙ্গী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সেমিফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভাজনদী শিকদার ফুটবল একাডেমি তাদের জয় নিশ্চিত করে।
বিজয়ী দলের খেলোয়াড় চিশতিয়া ম্যাচে দুটি গোল করে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. হানিফ মণ্ডল। পুরো আয়োজনটি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান মুকুল, ব্যবসায়ী টগর মণ্ডল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মো. শওকত আলী শরীফ এবং নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মোস্তফাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকদের প্রত্যাশা, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও দর্শকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা অব্যাহত থাকবে।