উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে নতুন একটি অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। উপজেলার সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ায় দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। প্রাথমিক হিসাবে কূপটির দুটি পৃথক জোনে প্রায় ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে বলে জানানো হয়েছে।সোমবার কূপটিতে আনুষ্ঠানিকভাবে অগ্নিপ্রজ্বলনের মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাপেক্সের তথ্য অনুযায়ী, সফল পরীক্ষা-নিরীক্ষা শেষে কূপটি থেকে দৈনিক প্রায় ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে। তবে চূড়ান্ত উৎপাদন সক্ষমতা পরীক্ষার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাপেক্সের পরিচালিত ত্রিমাত্রিক সিসমিক জরিপের ফলাফলের ভিত্তিতে কূপটি খননের সিদ্ধান্ত নেওয়া হয়। বাপেক্সের নিজস্ব বিজয়-১০ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু হয়। প্রায় সাড়ে তিন মাসের প্রচেষ্টায় কূপটি ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়।পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় কূপটির দুটি পৃথক ভূগর্ভস্থ স্তরে গ্যাসের সন্ধান পাওয়া যায় এবং ভোক্তা পর্যায়ের বর্তমান বাজারমূল্য বিবেচনায় এই গ্যাসের আর্থিক মূল্য প্রায় ৫ হাজার ৮০৯ কোটি টাকা। সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, কূপটিতে গ্যাসের পাশাপাশি তেল কিংবা অন্য কোনো খনিজ পদার্থের উপস্থিতি রয়েছে কি না, তা নিশ্চিত হতে আগামী ১৫ দিন নিবিড় পর্যবেক্ষণ ও ড্রিল স্টেম টেস্ট পরীক্ষা চালানো হবে। পরীক্ষা শেষে কূপটির প্রকৃত মজুত ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বাপেক্সের ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান জানান, দীর্ঘদিনের খনন কার্যক্রম শেষে অগ্নিপ্রজ্বলনের মাধ্যমে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।