উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সঙ্গে আদর্শিক সম্পর্ক রেখে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। দেশের সুপরিচিত ক্রীড়া সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক ও বিসিবির অর্থ কমিটির সাবেক প্রধান এম নাজমুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির ১০২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে এক নম্বর উপদেষ্টা হিসেবে রয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং এনসিপির জ্যেষ্ঠ নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা স্পোর্টস অ্যালায়েন্সকে একটি ‘স্বাধীন সংগঠন’ হিসেবে উল্লেখ করেন। এটি কোনো রাজনৈতিক দলের উইং বা শাখা হিসেবে কার্যক্রম পরিচালনা করবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন যে স্পোর্টস অ্যালায়েন্সের সঙ্গে এনসিপির সম্পর্ক ‘আদর্শিক ও নীতিগত’। এটি তাদের অধীন কোনো সংগঠন নয় এবং তারা স্বাধীনভাবেই কাজ করবে বলে তিনি মন্তব্য করেন।