উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ ছুটি শেষে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজ ক্যাম্পাসে। সোমবার (২ নভেম্বর) কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষা কার্যক্রম নিয়ে ইতিবাচক পরিবেশের কথা তুলে ধরেছেন কলেজ ছাত্রদলের সভাপতি তানজিলুল হক মিয়াজী।
তিনি জানান, শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি নিয়মিত কলেজে উপস্থিতি নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষে মনোযোগী হওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
তানজিলুল হক মিয়াজী বলেন, শিক্ষক সংকটসহ কলেজের বিদ্যমান বিভিন্ন সমস্যা কাটিয়ে আগামী দিনে ছাগলনাইয়া সরকারি কলেজকে একাডেমিক ফলাফলে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকরা নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, পড়াশোনার মানোন্নয়নের পাশাপাশি কলেজে বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, ডিবেটিং ক্লাব, কালচারাল ক্লাব ও বিজ্ঞান ক্লাবসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম চলমান থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।