উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ সোমবার দুপুর ১২টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ক্যাম্পাস থেকে দেড় শতাধিক শিক্ষার্থীর একটি দল দুটি ট্রাক্টর নিয়ে বেরিয়ে আসে। শিক্ষার্থীরা ‘আমলা–সচিব বাইরে যাক, আমার ক্যাম্পাস আমার থাক’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’ প্রভৃতি স্লোগান দিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠে ঢুকে শিক্ষার্থীরা মেলার জন্য নির্মিত অস্থায়ী স্থাপনায় ভাঙচুর শুরু করেন এবং প্রায় এক ঘণ্টা ধরে এই ভাঙচুর চলে। বেলা ১টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের দিকে ফিরে যান এবং মাঠের কাছের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে পুলিশ সদস্যরা অবস্থান করলেও ভাঙচুরের সময় বাধা দেননি।
আন্দোলনরত শেকৃবির কৃষি অনুষদের শিক্ষার্থী মাইশা আফরোজ জানান, এলাকাটি শহরের প্রধান কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এর পাশে একাধিক গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র রয়েছে। এখানে সচিবালয় স্থানান্তর করা হলে বা মেলার কার্যক্রম চললে কৃষি গবেষণার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হবে এবং ফার্মগেট ও বিজয় সরণি–সংলগ্ন ব্যস্ত সড়কে যানজট সৃষ্টি হয়ে রোগীদের যাতায়াত ব্যাহত হবে। তিনি আরও বলেন, লিখিতভাবে চিঠি দিয়ে ও তিন দিনের আলটিমেটাম দিয়ে মেলার কাজ বন্ধের দাবি জানানো হলেও তা না শুনে নতুন করে স্টল বসিয়ে প্রস্তুতি নেওয়ায় তারা বাধ্য হয়ে মাঠে এসে অবস্থান নিয়েছেন।
সচিবালয় এদিকে স্থানান্তরিত হলে গুলিস্থানের যানজট বিজয় সরণিতে নিয়ে আসা হবে বলে মন্তব্য করে আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, এমনিতেই সিগন্যালে দীর্ঘ সময় বসে থাকতে হয়, সচিবালয় এলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে। নির্মাণকাজের ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারটি ধ্বংস হয়ে যাবে এবং পরিবেশ নষ্ট করে সচিবালয় করার সিদ্ধান্ত কোনো সচেতন নাগরিক সমর্থন করতে পারে না।