উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারত-বাংলাদেশের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে চলেছে। এ বিষয়কে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে পানি না এলে কোনো ভারতীয় পণ্য আসবে না। রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
জাতীয় যুব দিবস উপলক্ষে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি। প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেন, পানি না আসলে কোনো করিডর বা ট্রানজিট হবে না এবং ভারতীয় কোনো চ্যানেল বাংলাদেশে চলবে না। প্রয়োজনে মওলানা ভাসানীর মতো ঐতিহাসিক ফারাক্কা অভিমুখে আবারও লংমার্চ করা হবে বলে তিনি হুশিয়ারি দেন।
অর্থনীতি ও ঋণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার ঋণের জন্য বিভিন্ন দ্বারে ঘুরলেও কেউ তাদের বিশ্বাস করছে না বা ঋণ দিচ্ছে না। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাপানের সঙ্গে সরকারের চুক্তি জনগণের সামনে স্পষ্ট করতে হবে। এই চুক্তিতে ভারতকে কোনো অবৈধ করিডর বা ট্রানজিটের সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে জনগণ তা রুখে দেবে।
সংবিধান সংশোধন নিয়ে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে মতামত চাওয়ার কিছু নেই। নির্বাচনের আগেই আলোচনা শেষ হয়ে গেছে দাবি করে তিনি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। এছাড়া শ্রমিকদের চলমান আন্দোলনের প্রসঙ্গে তিনি অবিলম্বে তাদের ন্যায্য মজুরি নির্ধারণের দাবি করেন।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব ফরহাদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।