উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে দুই দিনব্যাপী ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের তারিখ ও বিস্তারিত তথ্য ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে সামিটের বিভিন্ন দিক তুলে ধরেন এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি মোহা: সাহিদুজ্জামান টরিক, প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম এবং সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম এইচ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক আনিসুল কবির জাসির, পরিচালক রেহান রেজা এবং আঞ্চলিক পরিচালক সুমাইয়া জামান।
আয়োজকরা জানান, এই সামিটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা ও পেশাজীবী অংশ নেবেন। এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে প্রবাসীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্র প্রসারিত হবে।
এনআরবি ওয়ার্ল্ডের এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশীদের দক্ষতা, অভিজ্ঞতা ও মেধাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সংবাদ সম্মেলনে আসন্ন সামিটের লক্ষ্য, পরিকল্পনা এবং প্রবাসীদের সম্পৃক্ত করার নানা উদ্যোগের কথা জানানো হয়।