উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁর সদর, মান্দা ও বদলগাছী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের রাতভর মাদকবিরোধী অভিযানে ২৪ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। ১ নভেম্বর ২০২৬ ইং তারিখ রবিবার নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানটি পরিচালনা করা হয়।
প্রথমে মান্দা উপজেলার রঘুনাথপুর গ্রামে আরিফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার কুমাইগাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোশাররফকে আটক এবং দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এরপর মোশাররফের দেওয়া তথ্য অনুযায়ী বদলগাছী উপজেলার নিহিনপুর গ্রামে অভিযান চালিয়ে আরও দুই কেজি গাঁজাসহ শিলং ও তার সহযোগী আরাফাতকে আটক করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।