উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাঞ্জাবের জলন্ধরের সুরজিৎ হকি স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও মালয়েশিয়া। এই ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে পরাজয়ের মুখ দেখেছে বাংলাদেশ দল। এর আগে প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৩-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
ম্যাচের ১৪ মিনিটে ফিল্ড গোলের মাধ্যমে প্রথম গোল হজম করে বাংলাদেশ, যা থেকে মালয়েশিয়াকে এগিয়ে নেন আবু কামাল আজরাই। এরপর ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে দ্বিতীয় গোল করেন আজরাই। ২৬ মিনিটে বাংলাদেশের পক্ষে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে ব্যবধান কমান। তবে ২৯ মিনিটে আখিমুল্লাহ আনুয়ার পেনাল্টি কর্নার থেকে গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মালয়েশিয়া।
তৃতীয় কোয়ার্টারেও নিজেদের আধিপত্য বজায় রেখে খেলতে থাকে মালয়েশীয় দল। ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মালয়েশিয়াকে চতুর্থ গোল এনে দেন আজিমুদ্দিন কামারউদ্দিন। তার পরের মিনিটে শেলো সিলভেরিয়াসের দুর্দান্ত ফিল্ড গোলে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। ম্যাচের ৫০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আইমান রোজেমি গোল করলে মালয়েশিয়ার বড় জয় নিশ্চিত হয়ে যায়।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে নিজেদের পরবর্তী ম্যাচগুলোতে আগামী ১ ও ২ নভেম্বর যথাক্রমে দক্ষিণ কোরিয়া এবং চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।