উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরিপোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল আটটা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অবরোধের জেরে মিরপুর ১০ নম্বর মেট্রোস্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে না পেরে বিকল্প পথ বেছে নিচ্ছেন। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে গতকাল শনিবারও একই দাবিতে শ্রমিকেরা মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছিলেন। সেই সময় মিরপুর ১ নম্বরসহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া কালশী এলাকায় একটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছিল।
এদিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে আজ মজুরি বোর্ড গঠন করা হবে। পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের অহেতুক আন্দোলনে না থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।