উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চীনের সাবেক নেতা মাও সে-তুংকে নিয়ে মন্তব্যের পর সৃষ্ট বিতর্কের মুখে ক্ষমা চেয়েছেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। তাঁর উক্তিতে চীন ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী চীনা সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত লাগায় দুঃখ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এমবাপে বলেন, ‘আমার মন্তব্যটি যথাযথ ছিল না। এখন বুঝতে পারছি, এতে চীনের অনেক মানুষ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় থাকা চীনা সম্প্রদায়ের মানুষ কষ্ট পেয়েছেন। আমার কথায় যারা আহত হয়েছেন, তাদের সবার কাছে ক্ষমা চাইছি। এমনটা করা আমার উদ্দেশ্য ছিল না। চীনের মানুষ ও তাদের ইতিহাসের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত।’
সম্প্রতি একটি সাক্ষাৎকারে পছন্দের ইন্টারনেট মিম নিয়ে আলোচনার সময় একটি ছবির কথা জানান এমবাপে। ছবিটিতে মাও সে-তুংয়ের শরীরে তাঁর মুখ বসানো হয়েছিল এবং আলাপকালে মাওকে ‘চীনা স্বৈরশাসক’ হিসেবে উল্লেখ করেন তিনি। এর পরপরই চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে চরম সমালোচনা শুরু হয়।
চীনে কিলিয়ান এমবাপের বিপুল জনপ্রিয়তা ও বড় ধরনের বাণিজ্যিক উপস্থিতি রয়েছে। এই বিতর্কের কারণে তাঁর বিপণনমূল্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে এই অনুশোচনা ও ক্ষমা চাওয়ার পর চীনে তাঁর ওপর সৃষ্ট বিতর্কের প্রভাব কতখানি কমবে, তা এখনো স্পষ্ট নয়।