উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শাসকের পরিবর্তন হলেও রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর কোনো মৌলিক পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতারা। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত দলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারা এ কথা বলেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, ক্ষমতার কেন্দ্রীভবন অব্যাহত রয়েছে এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হয়নি। এই পরিস্থিতি উত্তরণে পুরোনো কাঠামো ভেঙে অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
সাংবাদিক সোহরাব হাসান বলেন, রাষ্ট্র সংস্কারের বর্তমান কর্মসূচি আদর্শিক অবস্থান থেকে এক ধরনের বিচ্যুতি। তবে এই বাস্তবতার মধ্যেই জনগণকে ক্ষমতায়িত করার লড়াই চালিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও বিএনপির ৩১ দফার অঙ্গীকার কার্যকর করা হচ্ছে না। ক্ষমতা ব্যক্তিকেন্দ্রিক না রেখে বিকেন্দ্রীভূত করার পাশাপাশি রাষ্ট্রের তিন বিভাগের মধ্যে ক্ষমতার পৃথক্করণ নিশ্চিত করার দাবি জানান তিনি।
রাজনৈতিক বিশ্লেষক হেলালুজ্জামান আহমদ বলেন, সংসদের উচ্চকক্ষে সামাজিক শক্তির প্রতিনিধিত্ব নিশ্চিত করা গেলে আইন প্রণয়নে ভারসাম্য আসবে। জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, বারবার সরকার বদলালেও ক্ষমতার গণতান্ত্রিক পুনর্বিন্যাস হয়নি।
সভাপতির বক্তব্যে জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব জুলাই জাতীয় সনদের অঙ্গীকার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠন ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের আহ্বান জানান।