উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি প্রো লিগে নিজেদের ১১তম ম্যাচে আল খোলুদ ক্লাবকে ৫-৩ গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল ২-২ সমতায় এবং ৬৫ মিনিট পর্যন্ত এই সমতা বজায় ছিল। তবে ম্যাচের শেষভাগে পর্তুগিজ তারকা রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে জয় তুলে নেয় আল নাসর।
ম্যাচের ৬৬ থেকে ৮১ মিনিটের মধ্যে তিন গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। ৬৬ মিনিটে বাঁ-পায়ে, ৭২ মিনিটে হেডে এবং ৮১ মিনিটে ডান পায়ের গড়ানো শটে গোলগুলো করেন তিনি। দীর্ঘ আড়াই বছর পর এটি তার প্রথম হ্যাটট্রিক, যার সুবাদে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার হ্যাটট্রিকের সংখ্যা দাঁড়াল ৬৭টিতে।
এই দুর্দান্ত হ্যাটট্রিকের সুবাদে ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৯৮৫টিতে উন্নীত করেছেন রোনালদো। ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে তার আর মাত্র ১৫ গোল বাকি রয়েছে। চলতি মৌসুমে আল নাসরের জার্সিতে ১২ ম্যাচে এটি তার নবম গোল।
১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে আল কাদসিয়াহ। ম্যাচটিতে শেষ পর্যন্ত ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।