উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ। শুক্রবার নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসঙ্ঘের ৮১তম অধিবেশনে দীর্ঘ আলোচনার পর ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রফতানি পণ্যের ওপর সম্ভাব্য ১২ দশমিক ৫০ শতাংশ শুল্ক আরোপের ঝুঁকি থেকে সাময়িক স্বস্তি মিলবে। বর্তমানে দেশের মোট রফতানির ৭৩ শতাংশ এলডিসিভুক্ত বিশেষ বাণিজ্য সুবিধার আওতায় রয়েছে এবং ৩৮টি দেশে শুল্কমুক্ত বাজার সুবিধা পাচ্ছে বাংলাদেশ।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, জি-৭৭ভুক্ত দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের এই আবেদনের প্রতি সমর্থন জানিয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার জাতিসঙ্ঘের উন্নয়ন নীতিবিষয়ক কমিটির কাছে উত্তরণের সময় বাড়ানোর জন্য আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল।
জাতিসঙ্ঘের নিয়ম অনুযায়ী উত্তরণের জন্য দুটি মানদণ্ড পূরণ করতে হলেও বাংলাদেশই একমাত্র দেশ হিসেবে তিনটি মানদণ্ডই পূরণ করেছে। ২০২৪ সালের পর্যালোচনায় বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ছিল ২ হাজার ৬৮৪ ডলার, যেখানে উত্তরণের সীমা ছিল ১ হাজার ৩০৭ ডলার।
বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা, আন্তর্জাতিক জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং দেশের অভ্যন্তরীণ বিশেষ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই অতিরিক্ত সময় দেয়া হয়েছে। একই অধিবেশনে নেপালকেও উত্তরণের প্রস্তুতির জন্য অতিরিক্ত তিন বছর সময় দেয়া হয়।
এই বর্ধিত সময়ে বাংলাদেশকে অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে এবং জাতীয় মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। এই কৌশলের অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে জাতিসঙ্ঘের উন্নয়ন নীতিবিষয়ক কমিটির কাছে বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে।