উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার গফরগাঁও উপজেলার দুগাছিয়া এলাকার শাখচুড়া বাজারসংলগ্ন গফরগাঁও-হোসেনপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুগাছিয়া চৌরাবাড়ি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন। গুরুতর আহত জহিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বালিপাড়া এলাকায় তাঁর মৃত্যু হয়। নিহত জহিরুল ইসলাম দিগিরপাড় এলাকার জালালের ছেলে এবং তিনি গলাকাটা বাজারে কাঠের ব্যবসা করতেন।
দুর্ঘটনায় আহত চর মসলন্দ গ্রামের বাসিন্দা ইলিয়াসসহ অন্য আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে খবর পেয়ে গফরগাঁও থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।