উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে শুক্রবার কাতারের একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।
কাতারের প্রধানমন্ত্রীর একজন জ্যেষ্ঠ উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধিদলটি তেহরানে এসেছে। তারা ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এসেছে। গত সপ্তাহে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারাও আলোচনার জন্য তেহরান সফর করেছেন।
বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে তেহরান কাজ করছে। এ জন্য দেশটি দুই মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের সঙ্গে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করছে।
এদিকে কাতারের প্রতিনিধিদলের সফরের এক দিন আগে ইরানি গণমাধ্যম জানায়, দেশটি যুক্তরাষ্ট্রের পাঠানো একটি চিঠি পেয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো এই চিঠিটি ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির উদ্দেশে পাঠানো হয়েছে।