উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বহুতল ভবন ও ফ্লাইওভারের ভিড়ে শহরে শিশুদের খেলার জায়গা কমছে এবং হারিয়ে যাচ্ছে পুকুর ও উঠান। একই ভবনে থেকেও প্রতিবেশীর পরিচয় না থাকায় আবাসিক এলাকাগুলো কেবল ঘুমানোর জায়গায় পরিণত হচ্ছে। বিশ্ব শহর দিবস উপলক্ষে আজ শুক্রবার ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) ভার্চুয়াল এক অনুষ্ঠানে এসব কথা উঠে আসে।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল বাংলাদেশের নগরায়ণের উন্নয়ন দর্শন। মূল প্রবন্ধে আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী পাড়া-মহল্লা, পুকুর, উঠান ও খেলার মাঠ একসময় দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। অপরিকল্পিত নগরায়ণ, জলাশয় ভরাট এবং উন্মুক্ত স্থান দখলের কারণে এসব সুযোগ বর্তমানে সংকুচিত হচ্ছে।
আইপিডির উপদেষ্টা অধ্যাপক আকতার মাহমুদ বলেন, শুধু জিডিপির বৃদ্ধি বা বড় অবকাঠামো নির্মাণকেই নগরায়ণ বলা চলে না এবং ঢাকাকেন্দ্রিক উন্নয়নের বিকেন্দ্রীকরণ জরুরি। বিআইপির সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ব্যবসায়িক ও গোষ্ঠী স্বার্থ বর্তমানে নগরের উন্নয়ন পরিকল্পনাকে নিয়ন্ত্রণ করছে। ময়মনসিংহের মতো মাঝারি শহরেও আবাসিক এলাকা এখন কেবল ঘুমানোর জায়গায় পরিণত হয়েছে।
নগরের সংকট মোকাবিলায় পুকুর, খাল ও জলাভূমির আইনগত সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করেছে আইপিডি। শিশু-কিশোরদের জন্য নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় স্থানীয় সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার এবং স্থানীয় সংগঠনগুলোর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।