উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ৭০তম আসর আজ রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সময় আজ রাত ২টায় জানা যাবে, ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার হিসেবে কার হাতে উঠছে এই পুরস্কার। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অরজয়ী ইংল্যান্ডের কিংবদন্তি উইঙ্গার স্ট্যানলি ম্যাথুসকে সম্মান জানাতে এবার প্রথমবারের মতো ফ্রান্সের বাইরে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজনটি হচ্ছে।
এবারের পুরুষ বিভাগের লড়াইকে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করা হচ্ছে যেখানে আলোচনায় রয়েছেন হ্যারি কেইন, লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপে। অন্যদিকে, নারী বিভাগে স্পেনের অধিনায়ক অ্যালেক্সিয়া পুতেল্লাস তৃতীয়বারের মতো বর্ষসেরা হওয়ার লড়াইয়ে রয়েছেন। অনুষ্ঠানে পুরুষ ও নারী বিভাগের ব্যালন ডি’অরসহ মোট ১৩টি পুরস্কার দেওয়া হবে।
ব্যালন ডি’অরের ইতিহাসে সবচেয়ে বেশি আটবার এই পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পাঁচবার জিতে দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের মূল্যায়নের সময়সীমা ছিল ২০২৫ সালের ৩ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত। ফ্রান্স ফুটবল ও লেকিপের মালিক গোষ্ঠী আমরি এবং উয়েফা ২০২৪ সাল থেকে যৌথভাবে এই পুরস্কার দিয়ে আসছে।