উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশের ব্যবসায়ী নেতারা। তারা মনে করেন, এই বাড়তি সময়কে কাজে লাগিয়ে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করা এবং বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করা জরুরি।
সম্প্রতি জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ বাংলাদেশকে এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বাসসকে জানান, ব্যবসায়ীদের প্রত্যাশা অনুযায়ী এই সময় বাড়ানো হয়েছে।
মোহাম্মদ হাতেম বলেন, এলডিসি উত্তরণের পরও বাণিজ্য সুবিধা ধরে রাখতে দ্রুত এফটিএ সম্পাদন করতে হবে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে চুক্তি করা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিয়েতনাম ও ভারতের মতো প্রতিযোগী দেশগুলোর সাথে ইউরোপের এফটিএ থাকায় আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে বাংলাদেশকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে প্রাপ্ত শুল্ক সুবিধাগুলোই বহাল থাকবে। তবে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার তাগিদ দেন তিনি। ভবিষ্যৎ বাণিজ্য কৌশল বাস্তবায়নের জন্য অর্জিত সক্ষমতা ধরে রাখার ওপরও জোর দিয়েছেন এই ব্যবসায়ী নেতা।