উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, এই দুই মন্ত্রী পদত্যাগ না করলে সারা দেশে মিছিল করা হবে এবং সেই মিছিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করে দাবি আদায় করা হবে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ সমাবেশে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী সরকার প্রযোজিত খুন, লুটতরাজ, অরাজকতা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সরকারের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাহাজানিতে মানুষের জীবন নাজেহাল হয়ে উঠেছে এবং বর্তমান সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় সবচেয়ে বেশি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ওপর বর্তায় উল্লেখ করে তিনি বলেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বাদ দিয়ে সংবিধান সংশোধনের কাজে ব্যস্ত আছেন।
সমাবেশে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন জ্বালানি মন্ত্রীর সমালোচনা করে বলেন, কলকাতায় এলপিজির দাম হাজার টাকা হলেও বাংলাদেশে তা কিনতে হচ্ছে আড়াই হাজার টাকায়। কলকাতার বাজারে ইরান যুদ্ধের প্রভাব না পড়লেও বাংলাদেশে কেন এই অবস্থা, তার উত্তর জ্বালানি মন্ত্রীকে দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।