উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দামুড়হুদার দর্শনা যুব সংঘের আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ অক্টোবর বিকাল ৪ টার সময় দর্শনা পৌরসভার শান্তিনগর সুগন্ধা মাঠে উৎসবমুখর পরিবেশে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। তরুণ খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিপুল দর্শকের উপস্থিতিতে পুরো এলাকাটি একটি জমজমাট ফুটবল উৎসবে পরিণত হয়েছিল।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মেয়র মনোনয়ন প্রত্যাশী ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক রেজাউল করিমসহ দামুড়হুদা উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের ১ নম্বর সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বিদ্যুৎ এবং খেলাটি পরিচালনা করেন রেফারি মাইনুদ্দিন।
শিরোপার লড়াইয়ে এই ম্যাচে মুখোমুখি হয় আনন্দ যুব সংঘ ও উইলস ক্লাব। দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে পুরো মাঠজুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হলেও নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র থাকে। পরবর্তীতে গড়ায় পেনাল্টি শুটআউটে যেখানে ৪–৫ গোলের ব্যবধানে উইলস ক্লাবকে পরাজিত করে আনন্দ যুব সংঘ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে অতিথিরা ট্রফি তুলে দেন এবং আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। মরহুম আরাফাত রহমানের স্মৃতিকে ধরে রাখা এবং স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে প্রতি বছরই এ টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।