উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার ভাঙ্গুড়ায় একটি বসতবাড়িতে গড়ে তোলা ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার ৩০ অক্টোবর উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের নেতৃত্বে প্রশাসন ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) যৌথভাবে এই অভিযান চালায়। বসতবাড়িতে ভেজাল দুধ তৈরির এমন কারখানার সন্ধান এবং প্রশাসনের অভিযানের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযানকালে ৩৬ ড্রাম জেলি, যার পরিমাণ প্রায় ২ হাজার ৭০০ কেজি, দুধ তৈরিতে ব্যবহৃত ২০০ লিটার তেল এবং ৩২০ লিটার প্রস্তুত করা ভেজাল দুধ জব্দ করা হয়। পরে জব্দ করা সব উপকরণ ও ভেজাল দুধ ঘটনাস্থলেই ধ্বংস করা হয় এবং উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। এ ঘটনায় কারখানার মালিক মো. আবুল বাশারকে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া তাঁর সহযোগী মো. সবুজকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিষানসংশ্লিষ্ট সূত্র জানায়, মৃত আবু তালেব প্রামাণিকের ছেলে আবুল বাশার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করে আসছিলেন। তাঁর সহযোগী মো. সবুজ একই গ্রামের মো. হাবিল প্রামাণিকের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের রায়ে জরিমানা অনাদায়ে আবুল বাশারকে আরও তিন মাস এবং সবুজকে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযানকালে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, দীর্ঘদিন ধরে আবুল বাশার ভেজাল দুধ তৈরির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জেলি, তেল ও প্রস্তুত করা ভেজাল দুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।