উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের করা ২৭২ রানের জবাবে দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত সফরকারী ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছে ১ উইকেটে ৮৯ রান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৭ ওভার ব্যাট করে এই সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। ৯ উইকেট হাতে নিয়ে ক্যারিবীয়রা এখনো স্বাগতিকদের চেয়ে ১৮৩ রানে পিছিয়ে রয়েছে।
এর আগে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ক্যারিয়ারের ৩২তম টেস্টে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ব্যক্তিগত ১০৫ রানে বিদায় নেন। ২৩৪ বলের মোকাবেলায় ১১টি চার মারেন তিনি। দলীয় ২২১ রানে সাদমান ফেরার পর দ্রুত উইকেট হারিয়ে ৯৭.৪ ওভারে ২৭২ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।
দলের পক্ষে তাওহিদ হৃদয় ৪২, লিটন দাস অপরাজিত ৩৪, মুমিনুল হক ২৮, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯ ও মেহেদি হাসান মিরাজ ১৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান ২৩.৪ ওভারে ৫৩ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই ধাক্কা খায় ক্যারিবীয়রা। দলীয় ওপেনার ব্রান্ডন কিংকে ১৫ রানে সাজঘরে ফেরান পেসার হাসান মাহমুদ। তবে দ্বিতীয় উইকেটে জন ক্যাম্পবেল ও তেজনারায়ন চন্দরপল অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি গড়ে চা-বিরতিতে যান। ক্যাম্পবেল ৫৩ ও চন্দরপল ২১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হাসান মাহমুদ ২৫ রানে ১ উইকেট নেন।