উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘদিন ধরে সঙ্গীহীন জীবন কাটানো সিংহ, হায়েনা ও উল্লুকের জন্য নতুন সঙ্গী আনার উদ্যোগ নিয়েছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পাশাপাশি দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনা করে নতুন করে দুটি চিতাবাঘ কেনার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই প্রাণীগুলো কেনার জন্য ১ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
চিড়িয়াখানার পরিচালক মো. শাহিনুর আলম জানান, গত অর্থবছরে চিতাবাঘ কেনার চেষ্টা ব্যর্থ হলেও এবার আগেভাগেই দরপত্র আহ্বান করা হয়েছে। ১২ অক্টোবর ইজিপিতে দরপত্র জমা দেওয়ার পর ২৬ অক্টোবর তা উন্মুক্ত করা হয়েছে। সব প্রক্রিয়া শেষে আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে এসব প্রাণী চিড়িয়াখানায় পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে চিড়িয়াখানায় থাকা ১০টি প্রাণী সঙ্গীহীন অবস্থায় রয়েছে, যার মধ্যে সিংহ, হায়েনা ও উল্লুককে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের লক্ষ্য হলো সঙ্গী পাওয়ার পর প্রাণীগুলোর প্রজনন নিশ্চিত করা। এছাড়া গত অর্থবছরে আনা কমন ইল্যান্ড ও ওয়াইল্ড বিস্ট বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছে বলে নিশ্চিত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।