উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী তৃতীয় কাব ক্যাম্পুরী। ২৮ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় মাছিমপুর আর আর ইনস্টিটিউশন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার আহাম্মেদ মোফাচ্ছের। জাতীয় পতাকা উত্তোলন ও প্রার্থনা সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আহাম্মেদ মোফাচ্ছের বলেন, কাবদের মটো হলো যথাসাধ্য চেষ্টা করা। স্কাউটিংয়ের প্রবক্তা ব্যাডেন পাওয়েল যে অমর বাণী দিয়ে গেছেন, তা জীবনে প্রতিফলিত করতে পারলে জীবন সুন্দর হবে এবং পৃথিবীকে আরও সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিতাস উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
২৮ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) পর্যন্ত তিন দিনব্যাপী এ ক্যাম্প পরিচালিত হবে। উপজেলার মোট ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব দল এই আনন্দঘন ও শিক্ষণীয় ক্যাম্পে অংশগ্রহণ করছে। ক্যাম্পের শেষ দিন বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান ও মনোজ্ঞ ক্যাম্প ফায়ারের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।