উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১৩টি ইভেন্টের মধ্যে ৮টিতে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে। এর মধ্যে ডাইভিং ইভেন্টে একটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে এবং প্রতিযোগিতাটি রাজধানীর মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে।
দ্বিতীয় দিন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী ২০টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জ পদক অর্জন করে পদক তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী ৭টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ পদক জয় করেছে এবং বিকেএসপি অর্জন করেছে ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক।
দ্বিতীয় দিনে রেকর্ড গড়া সাঁতারুদের মধ্যে ১৫০০ মিটার ফ্রি স্টাইলে (মহিলা) ২০:০৮.৯০ সময়ে জুই আক্তার এবং ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে (মহিলা) ০২:৪৫.৪০ সময়ে ইরফানা খাতুন রেকর্ড গড়েন। এছাড়া ৫০ মিটার ও ১০০ মিটার ফ্রি স্টাইলে পুরুষ বিভাগে সামিউল ইসলাম রাফি এবং ২০০ মিটার ব্যাকস্ট্রোক ও ১০০ মিটার ফ্রিস্টাইলে মহিলা বিভাগে ফাতিহা মাহতাব মাইশা নতুন রেকর্ড গড়েন।
পাশাপাশি ১০০ মিটার মিক্সড মিডলে রীলেতে সামিউল ইসলাম রাফি, মো: ইসলাম, মোছা: মুক্তা খাতুন ও ফাতিহা মাহতাব মাইশা এবং ৩ মিটার প্রং বোর্ড ডাইভিংয়ে (মহিলা) অর্পা দাস ১২৭.৪২ স্কোর করে নতুন রেকর্ড গড়েন। চার দিনব্যাপী এই প্রতিযোগিতা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।