উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, নদীভাঙন ও বন্যার ক্ষয়ক্ষতি হ্রাস এবং সার্বিক উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হচ্ছে। সমীক্ষার ফলাফল, কারিগরি দিক এবং মানুষের চাহিদা বিবেচনা করে দ্রুততম সময়ে উপযোগী প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর খাল এবং কুলাঘাট ইউনিয়নে ধরলা নদীর তীরবর্তী ওয়াপদা বাঁধ এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে তিনি এই স্থানগুলো পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রী প্রথমে মহেন্দ্রনগর খালের পুনঃখনন কার্যক্রম সরেজমিনে দেখেন এবং পরে ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের সম্ভাব্য উদ্বোধনস্থল পরিদর্শন করেন।
ধরলা নদীর ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা শহর ও জনপদ রক্ষায় সম্প্রতি ২৯৮ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। প্রতিমন্ত্রী কাজের যথাযথ মান বজায় রেখে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, ধরলা নদীর ভাঙন রোধ ও জনপদ রক্ষা সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিস্তা অববাহিকার মানুষের জীবনমান উন্নয়ন, নদীভাঙন ও বন্যার ঝুঁকি হ্রাস এবং টেকসই সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে লালমনিরহাটের জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।