উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৯ হাজার ৯৩৬ কেজি ভারতীয় ফুচকা ও ৩ হাজার ৮২০ প্যাকেট বিস্কুট উদ্ধার করা হয়। অবৈধভাবে পণ্য পরিবহনের অভিযোগে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও আটক করা হয়েছে।
বিজিবি জানায়, জব্দ করা এসব পণ্য ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা। বৃহস্পতিবার ২৯ অক্টোবর ভোরে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির একটি দল এই অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী সন্দেহজনক কাভার্ড ভ্যানটিতে এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত অবৈধ পণ্য ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পাচার রোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।