উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ট্রাইবেকারে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রৌহা ২ নম্বর ওয়ার্ড ফুটবল দল। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শুক্রবার ২৩ অক্টোবর দৌলতপুর উপজেলার খলসী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন শায়লা কবির এবং খলসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল স্লোগানকে সামনে রেখে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।
ফাইনালে খলসী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডের দল মুখোমুখি হয় এবং ট্রাইবেকারে রৌহা ২ নম্বর ওয়ার্ড জয়লাভ করে। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব হবে।