উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিদ্যালয়ের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, দায়িত্ববোধ তৈরি এবং ডেঙ্গু প্রতিরোধে জাপানের ‘ওসোজি’ মডেল অনুসরণ করছে ঢাকা জেলা প্রশাসন। ‘ক্লিন স্কুল টিম’-এর মাধ্যমে প্রাথমিকভাবে ঢাকার ২১টি বিদ্যালয়ে এ কার্যক্রম চালু করা হচ্ছে। আজ বুধবার বেলা ১১টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘ক্লিন স্কুল টিম’-এর পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।
এ কর্মসূচির আওতায় প্রতিদিন স্কুলে ১৫ থেকে ২০ মিনিট পরিচ্ছন্নতা কার্যক্রম, ডেঙ্গু ঝুঁকি পরিদর্শন, বর্জ্য পৃথকীকরণ এবং বাসায় পরিচ্ছন্নতার চর্চা চালুর পরিকল্পনা রয়েছে। লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও পরিবেশসচেতনতার স্থায়ী অভ্যাস গড়ে তোলা। ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, এটি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও শ্রমের মর্যাদা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। নিয়মিত রুটিনের অংশ হিসেবে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ও পাঠাগার পরিষ্কার করবে এবং শিক্ষকেরা তা তদারক করবেন।
বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা জানান, ওসোজি মডেলের মাধ্যমে শিক্ষার্থীরা নিজের বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুললে তা পরিবার ও সমাজেও প্রভাব ফেলবে। ‘আমার বাসা, আমার দায়িত্ব’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সাপ্তাহিক পরিচ্ছন্নতা চেকলিস্ট দেওয়া হবে এবং প্রতি রোববার শিক্ষকেরা তা মূল্যায়ন করবেন। এ ছাড়া বর্জ্য পৃথকীকরণ, জৈব সার তৈরির ধারণা প্রদান এবং সেরা বিদ্যালয় ও শিক্ষার্থীদের পুরস্কৃত করার জন্য ‘ক্লিন স্কুল চ্যালেঞ্জ’ গ্রহণ করা হয়েছে।
জাপানের ‘ওসোজি’ মডেল অনুসরণে এ কর্মসূচি বাস্তবায়নের আগে প্রায় তিন মাস গবেষণা করা হয়েছে। গত ৮ জুলাই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা ও ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করে ঢাকা জেলা প্রশাসন। বিদ্যালয় থেকে পরিবার এবং পরিবার থেকে সমাজে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়া এই উদ্যোগের অন্যতম মূল উদ্দেশ্য।