উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এক কেজি গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ডিম, দুধ ও মাংসের উৎপাদন খরচের এই তথ্য তুলে ধরা হয়। বৈঠকে মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন ব্যয়, সরবরাহব্যবস্থা ও বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মন্ত্রণালয়ের পদক্ষেপ–সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফার অভিযোগ যাচাই করার সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, এক কেজি সোনালি মুরগির উৎপাদন খরচ ২৫৩ টাকা এবং ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৬১ টাকা ৫৫ পয়সা। এছাড়া একটি ডিম উৎপাদনের খরচ ১০ টাকা ৮১ পয়সা, এক কেজি দুধের উৎপাদন খরচ ৪৪ টাকা ৮০ পয়সা এবং এক কেজি খাসির মাংসের উৎপাদন খরচ ৮৭৫ টাকা। এক দিনের বাচ্চা ও ডিমের বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রণীত একটি কৌশলপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে বৈঠকে জানানো হয়। বাজারে এই পণ্যের চাহিদা নিরূপণ করে উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীজন সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করবে। দুধ, মাংস ও ডিমের মূল্য পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।
বৈঠকে সদস্যদের কেউ কেউ অভিযোগ করেন যে বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি নেওয়া হচ্ছে এবং কিছু ক্ষেত্রে উৎপাদন খরচের তুলনায় দাম বেশি। এর ব্যাখ্যায় জানানো হয়, উৎপাদনকারীরা সরাসরি খুচরা বাজারে বিক্রি করেন না, বরং কয়েক হাত বদল হয়ে পণ্য ভোক্তাদের কাছে পৌঁছায়। তখন কমিটির পক্ষ থেকে মাছ, মাংস, ডিম ও দুধের দাম উৎপাদন খরচের তুলনায় বেশি কি না, তা যাচাই করে দেখার সুপারিশ করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্যে সরবরাহ এবং বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রাখার প্রতি বৈঠকে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, শেখ মো. রেজাউল ইসলাম, নজরুল ইসলাম, এম এ হান্নান, আলী আজম মো. আবু বকর ও মো. আমির হামজা। এছাড়া সভাপতির বিশেষ আমন্ত্রণে এই বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ অংশ নেন। সামুদ্রিক মৎস্য অনুসন্ধান, মৎস্য আহরণ এবং রপ্তানির আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করে কমিটিতে উপস্থাপনের সুপারিশও করা হয়।