উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়ক সম্পূর্ণ দখলমুক্ত রাখা হবে বলে সাফ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। বুধবার গুলিস্তানে ডিএসসিসির উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে তিনি জানান, নির্ধারিত জায়গার বাইরে রাস্তা বা ফুটপাত দখল করে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হবে।
এর আগে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি। অভিযানে পে-লোডারসহ ভারী যন্ত্রপাতির সাহায্যে ফুটপাতে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ দোকানের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম জব্দ করে সংস্থাটি।
অভিযান চলাকালে ডিএসসিসি প্রশাসক বলেন, হকারদের বসার জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। হকার নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক ও সতর্ক করার পরও খালি জায়গায় আবারও দোকান বসানো হচ্ছে। ফলে মূল রাস্তা দখলমুক্ত রাখতে এখন গ্রেপ্তারসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
এ অভিযানে ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী এবং ছয় প্লাটুন পুলিশ সদস্য অংশ নেন। অভিযান পরিচালনা করেন প্রধান সম্পত্তি কর্মকর্তা রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।