উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের নিয়ালা শহরের একটি বাজারে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন মানুষ। মঙ্গলবার চিকিৎসাসংশ্লিষ্ট একটি সূত্র ও প্রত্যক্ষদর্শীরা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
শহরটির এক বাসিন্দা জানান, সোমবার স্থানীয় সময় রাত আটটার দিকে উত্তর নিয়ালার একটি বাজারে এই ড্রোন হামলা চালানো হয়। নিয়ালা হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতের বোমা হামলায় ২১ জনের প্রাণহানির পাশাপাশি ৪০ জনের বেশি আহত হয়েছেন। তবে হতাহতদের মধ্যে কতজন যোদ্ধা ছিলেন, তা নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে এই যুদ্ধ চলছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিপরীতে নিয়ালায় আরএসএফ একটি প্রতিদ্বন্দ্বী সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।