উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ নীতির আলোকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং দেশকে তথ্যপ্রযুক্তি ও এআইয়ের কেন্দ্রে পরিণত করার কাজ চলছে। আজ মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং হুয়াওয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশ টেককানেক্ট ২০২৬ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি অঞ্চলে নির্ভরযোগ্য, নিরাপদ, উচ্চগতির ও সাশ্রয়ী ডিজিটাল সংযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আধুনিক টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশীয় উদ্ভাবনকে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
ফকির মাহবুব আনাম আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার উৎপাদনশীলতা বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। একই সাথে সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো: কামরুজ্জামান, এনডিসি ও আইসিটি সচিব মো: মামুনুর রশীদ ভূঞা উপস্থিত ছিলেন। এছাড়াও হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট জেসন উসহ পাঁচ শতাধিক অংশগ্রহণকারী এই সম্মেলনে যোগ দেন। মূল প্রবন্ধ উপস্থাপনের পর অনুষ্ঠানে ভবিষ্যৎ প্রযুক্তি, দক্ষতা বৃদ্ধি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তিনটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।