উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপি নেতৃত্বাধীন চার–দলীয় জোট সরকারের আমলে কাদের দুর্বলতায় তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর দিনভর তাণ্ডব চালানোর সুযোগ পেয়েছিল, সে প্রশ্ন রেখেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী এই আলোচনা সভার আয়োজন করে।
শফিকুর রহমান বলেন, তখনো তো চার–দলীয় সরকার ছিল এবং সারা দিনভর মাগরিবের আগপর্যন্ত তারা তাণ্ডব চালানোর সুযোগ পেল কীভাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে নির্মম হত্যাকাণ্ড হলো কিন্তু তারা কাউকে একটু হাত ধরে সরিয়ে দেওয়ারও চেষ্টা করল না কেন, এমন প্রশ্ন রেখে তিনি একে বৃহৎ ষড়যন্ত্র ও নোংরা খেলা বলে উল্লেখ করেন। এ সময় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি ফ্যাসিস্টদের একটি ক্লাব বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি গণ–আকাঙ্ক্ষার অংশীজন হিসেবে নির্বাচনের আগে যে কথা দিয়েছিল, সেখান থেকে মুখ ফিরিয়ে ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছে। আলোচনা সভায় জামায়াতের অন্যান্য কেন্দ্রীয় নেতাসহ ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের পরিবারের সদস্য ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য দেন।