উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌর সরঞ্জাম আমদানিতে বাংলাদেশের ১ শতাংশ শুল্ক নির্ধারণের সিদ্ধান্ত দেশটির নবায়নযোগ্য জ্বালানি খাতে অস্ট্রেলীয় বিনিয়োগ আকর্ষণে অত্যন্ত সহায়ক হতে পারে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মারে স্পেন্স। ২৭ অক্টোবর, ২০২৬ তারিখে বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা জানান এবং চার দিনের সরকারি সফর শেষে আজ ঢাকা ত্যাগ করেন।
নীতির এই স্থায়িত্ব স্থানীয় ব্যবসাদের যন্ত্রাংশ আমদানি, সংযোজন কারখানা স্থাপন এবং অস্ট্রেলীয় কোম্পানিগুলোর সঙ্গে প্রযুক্তিগত অংশীদারিত্বে জড়িত হওয়ার বিষয়ে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। কেবল শুল্ক ছাড় নয়, দীর্ঘমেয়াদি ও টেকসই বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে প্রকল্প অনুমোদন, বৈদেশিক মালিকানা, করারোপ এবং মুনাফা নিজ দেশে প্রত্যাবাসনের স্পষ্ট ও স্বচ্ছ নিয়মনীতি থাকা আবশ্যক বলে তিনি উল্লেখ করেন।
অস্ট্রেলীয় কোম্পানিগুলো বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ, প্রযুক্তি লাইসেন্সিং, স্থানীয় উৎপাদন অংশীদারিত্ব এবং প্রযুক্তিগত সেবা চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে পারে। এই সুযোগকে দীর্ঘমেয়াদি বিনিয়োগে রূপান্তর করতে নীতির ধারাবাহিকতা, অনুমেয় নিয়ন্ত্রণ কাঠামো এবং বাণিজ্যিকভাবে লাভজনক প্রকল্প ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হবে।
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ আকর্ষণের জন্য স্বচ্ছ ও অনুমেয় বিদ্যুৎ ক্রয় চুক্তি আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান বলে উল্লেখ করেন স্পেন্স। বিদ্যুতের সুনির্দিষ্ট দাম, চুক্তির মেয়াদ, পরিশোধের বাধ্যবাধকতা এবং বিরোধ নিষ্পত্তির স্পষ্ট প্রক্রিয়া বিনিয়োগকারীদের আয় পূর্বাভাস করতে এবং প্রকল্পের আর্থিক সচ্ছলতা ও লাভজনকতা মূল্যায়নে সাহায্য করবে। এছাড়া গ্রিড সংযোগ এবং উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রয়ের একই ধরনের নিয়ম রুফটপ সোলার সিস্টেমে বিনিয়োগ উৎসাহিত করবে।
বাংলাদেশি ব্যবসায়ী ও প্রকল্প উদ্যোক্তাদের সঙ্গে অস্ট্রেলীয় প্রযুক্তি সরবরাহকারীদের সংযোগ জোরদার করার সম্ভাবনা খতিয়ে দেখতে অস্ট্রেডের আটটি পরিচ্ছন্ন জ্বালানি প্রতিষ্ঠানের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে। একটি স্থায়ী ও সুসংহত বিনিয়োগ কাঠামো বৈদেশিক মূলধন সংগ্রহ, নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যয় হ্রাস এবং শিল্পখাতের জ্বালানি নিরাপত্তা সুদৃঢ় করতে সহায়তা করবে বলে তিনি জানান।