উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জে জমজমাট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে সিংগাইরের যুব কল্যাণ উন্নয়ন সংঘকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলার মাসুম ফুটবল একাডেমি। শুক্রবার ২৩ অক্টোবর মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং ডাউটিয়া বুলবুল ক্লাব আট দলের এই প্রতিযোগিতার আয়োজন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা। এ সময় চ্যাম্পিয়ন মাসুম ফুটবল একাডেমিকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ যুব কল্যাণ উন্নয়ন সংঘকে ৩০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ডা. এ. এম. কাইয়ুম রহমানের সভাপতিত্বে এবং ডাউটিয়া বুলবুল ক্লাবের সভাপতি আরিফ মোল্লার পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ উপস্থিত ছিলেন। এ ছাড়া মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদর থানার ওসি মনির হোসেন, জ্যেষ্ঠ বিএনপি নেতা আক্কাস আলী খোকনসহ বিভিন্ন রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানান।